বান্দরবান জেলার শ্রেষ্ঠ ওসি নাইক্ষ্যংছড়ি থানার মোজাম্মেল হক

বান্দরবান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার মানবিক, দক্ষ ও চৌকস পুলিশ কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক।
জেলার আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা এবং পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে জেলা পুলিশ কল্যাণ সভা শেষে বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মোঃ মোজাম্মেল হক বলেন, “জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশকে জনতার পুলিশ হিসেবে জনগণের সেবায় নিয়োজিত রেখেছি। জনগণের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই অর্জন শুধু আমার নয়, সমগ্র নাইক্ষ্যংছড়িবাসীর।”

তিনি আরও বলেন, জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে মনোনীত করায় তিনি জেলা পুলিশ সুপারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হকের এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি থানার জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।