খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন

হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া মোবাইল ফোন ফিরে পাওয়া অনেকের কাছেই যেন অসম্ভব এক প্রত্যাশা। তবে খুলনা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে উদ্ধার করা ৫০টি মোবাইল ফোন আবারও ফিরেছে প্রকৃত মালিকদের হাতে।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে হস্তান্তর করা হয়। হারানো প্রিয় মোবাইল ফিরে পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।

মোবাইল পেয়ে কান্না জড়িত কন্ঠে রুপসার গৃহবধূ রেশমি বলেন, আমি আশা করিনি মোবাইলটা আর ফিরে পাবো। পুলিশকে ধন্যবাদ, তাদের চেষ্টায় আমার হারানো মোবাইল আবার ফিরে পেয়েছি। খুবই ভালো লাগছে।

শুধু গৃহবধূ রেশমিই নন, মোবাইল ফিরে পেয়ে খুশি শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কলেজ শিক্ষার্থী সোহান শেখ নগদডস, আমার পড়াশোনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য মোবাইলে ছিল। মোবাইল ফিরে পেয়ে আমি সত্যিই আনন্দিত। জেলা পুলিশকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা।

পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মোবাইল ফোন হারানো বা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিতে পারে এবং হারানো ডিভাইস উদ্ধারের সম্ভাবনা বাড়ে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অপু মণ্ডল।

খুলনা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এমন উদ্যোগে সাধারণ মানুষের আস্থা আরও বেড়েছে। প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল উদ্ধারে জেলা পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।