জরাজীর্ণ ভবনে ঝুঁকিপূর্ণ পরিবেশে চলছে ধামরাই উপজেলার প্রশাসনিক কার্যক্রম

ঢাকার অদূরে ধামরাইয়ে জরাজীর্ণ ভবনে ঝুঁকিপূর্ণ পরিবেশে চলছে উপজেলা প্রশাসনিক ভবনের দাপ্তরিক সব কার্যক্রম। সামান্য বৃষ্টিতেই গুরুত্বপূর্ণ ফাইলপত্র ভিজে নষ্ট হচ্ছে। মাঝেমধ্যেই খসে পড়ছে ছাদ ও দেয়ালের ইট-সুরকির প্লাস্টার। আর এর মধ্যেই এক অজানা আতঙ্ক নিয়ে কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
গত বৃহস্পতিবার (৯ জুন) সকালে প্রশাসনিক ভবনের ২য় তলার একটি কক্ষে ছাদের বিশাল অংশের প্লাস্টার খসে রড বের হয়ে যাওয়ার ঘটনায় অফিসটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আজ সোমবার (১৩ জুন) দুপুরে দেখা গেছে, বিদ্যমান পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বিকল্প একটি কক্ষে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ ঘটনায় প্রতিদিন আতঙ্কের মধ্যে থেকে কাজ করতে হচ্ছে বলে জানিয়েছেন ভবনটিতে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
এ বিষয়ে জানতে চাইলে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন আওয়ার নিউজ বিডি ডটকমকে বলেন, “ক্ষমতা থাকলে ভবনটি ভেঙে ফেলতাম। এটি সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী একটি ভবন। আজ সমাজসেবা অফিসে, কাল অন্য অফিসে ছাদ খসে পড়ার ঘটনা কারও কাম্য নয়।
সরকার একটি ভবন দিয়েছে আরেকটি ভবন দিবেনা প্রকৌশলী এসেছিলেন, এস্টিমেট (ব্যয় নির্ধারণ) করা হয়েছে। এখন বর্ষাকাল, আমরা আগামী ১ থেকে ২ মাসের মধ্যে পুরোনো ছাদ ভেঙে ফেলে নতুন ছাদের কাজ শুরু করব।
উল্লেখ্য, উপজেলা পরিষদ থেকে প্রাপ্ত তথ্যমতে, ১৯৮২ সালে উপজেলা সৃষ্টির পর ধামরাই উপজেলা প্রশাসনিক ভবনটি নির্মিত হয়।





















