রূপসা-শিপইয়ার্ড সড়ক সংস্কারে এগিয়ে এলো ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি

দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়া খুলনা নগরীর গুরুত্বপূর্ণ শিপইয়ার্ড-রূপসা স্ট্যান্ড সড়কটি অবশেষে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় এটি সাধারণ মানুষের জন্য চরম ঝুঁকিপূর্ণ ও মরণফাঁদে পরিণত হয়েছিল।
সোমবার (১৩ জুলাই) দুপুরে জনদুর্ভোগের এই পরিস্থিতিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতি। সড়কটির সংস্কার কাজ ত্বরান্বিত করতে সমিতির সভাপতি আলহাজ্ব শাহাজান জমাদারের নির্দেশনায় অনুদান হিসেবে ২০ গাড়ি আধলা (ইটের খোয়া) প্রদান করা হয়েছে। জনহিতকর এই উদ্যোগটি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
খুলনা মহানগর বিএনপি গঠিত ‘দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র তত্ত্বাবধানে ইতোমধ্যে সড়কটির সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। সংস্কার কাজের উদ্বোধন ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান শফিকুল আলম মনা। এছাড়া কার্যক্রমে নেতৃত্ব দেন ‘দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র আহ্বায়ক ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন।
এ সময় মো. শফিকুল আলম তুহিন বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে ছিলেন। তাদের কষ্ট লাঘবের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। তাদের দেওয়া ইটের খোয়া দিয়ে আমরা দ্রুত ঝুঁকিপূর্ণ গর্তগুলো ভরাট করছি।
সংস্কার কাজে যুক্ত নেতাকর্মীরা জানান, ইতোমধ্যে সড়কের বিভিন্ন স্থানের বড় বড় গর্তগুলো ইট ও আধলা দিয়ে ভরাট করা হচ্ছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচলের ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন তারা চরম ভোগান্তিতে ছিলেন। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির এই স্বেচ্ছাসেবী উদ্যোগ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। তবে দ্রুত পুরো সড়কটি স্থায়ীভাবে সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।





























