খুলনা ওয়াসার চেয়ারম্যান হলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান

খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) এর চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে সোমবার (১৩ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা: শাকিলা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬” এর ধারা ৭(১) অনুযায়ী তাকে আগামী তিন বছরের জন্য খুলনা ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই এই আদেশ কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান খুলনা সিটি করপোরেশনের হাজী মহসীন রোডের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত। তিনি ১৯৯৪ সালে খুলনা সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড থেকে কমিশনার (কাউন্সিলর) হিসেবে নির্বাচিত হন। এরপর ধারাবাহিকভাবে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে করতে তিনি চারবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।

২০১৩ সালে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে তিনি খুলনা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। তবে একই বছরের ২৬ নভেম্বর পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। পরবর্তীতে ২০১৫ সালের ২ নভেম্বর স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তাকে। চলতি বছরের ২২ মার্চ তিনি খুলনা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। পরবর্তীতে ১৮ এপ্রিল জামিনে মুক্ত হয়ে তিনি আবারও জনসমাজে সক্রিয় হয়ে ওঠেন।

রাজনৈতিক জীবনের পাশাপাশি মুক্তিযোদ্ধা হিসেবেও তার একটি গুরুত্বপূর্ণ পরিচয় রয়েছে। ২০২৪ সালের অক্টোবরে তিনি মুক্তিযোদ্ধা সংসদের খুলনা মহানগর ইউনিটের আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে দীর্ঘ ৫৪ বছর পর বৃহত্তর খুলনার মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে একটি উল্লেখযোগ্য মিলনমেলার আয়োজন করা হয়, যা ২০২৫ সালের ১৭ ডিসেম্বর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।

বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে খুলনা ওয়াসার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তার নিয়োগ নগরীর পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে অতীতের বিতর্ক ও আইনি জটিলতা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

এদিকে নগরবাসীর প্রত্যাশা, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে খুলনা ওয়াসা আধুনিক, কার্যকর ও জনবান্ধব সেবায় নতুন গতি পাবে এবং দীর্ঘদিনের পানি সংকট ও পয়ঃনিষ্কাশন সমস্যার টেকসই সমাধান নিশ্চিত হবে।