নেত্রকোনার মদনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত

নেত্রকোনা মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হক সহকারি শিক্ষিকাকে মারধর ও ঘাড় ধরে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অপরাধে জিযাউলকে বরখাস্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায় ৪ আগস্ট জ্যোৎস্না আক্তার এই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার মা হঠাৎ করে স্ট্রোক করলে তিনি এক দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে মাকে দেখতে নেত্রকোনায় যান। পরদিন ৫ আগস্ট সারাদিন মুষলধারে বৃষ্টিপাত থাকায় তিনি বিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি।
৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউল হক আগের দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ জানতে চান।
লিখিত অভিযোগে জ্যোৎস্না আক্তার বলেন, এ নিয়ে (ভার প্রাপ্ত) প্রধান শিক্ষক জিয়াউল হকের সাথে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহকারি শিক্ষক জ্যোৎস্না আক্তারকে চড়-থাপ্পড় মারেন ও ঘাড় ধরে বিদ্যালয় থেকে বের করে দেন। পরে তিনি বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হন বলে অভিযোগে উল্লেখ করেন।
শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার পর বিষয়টি তিনি মদন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মুঠোফোনের মাধ্যমে জানান বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছেন। এ বিষয়ে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির বিদ্যালয় গিয়ে তদন্ত করে জেলা বরাবর প্রতিবেদন প্রেরন করে।
এরই প্রেক্ষিতে ১৩ আগস্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল আজম স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। সরকারি চাকরি আইন,২০১৮ এর ৩৯ (১) ধারা অনুয়ায়ী জিয়াউল হক কে সাময়িক বরখাস্ত করা হয়।
আদেশে আরও উল্লেখ করা হয় বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।





























