মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত

যশোরের মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের চালক ইউনুস আলী (৪৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৯টার দিকে মনিরামপুর বাজারের গোহাটা মোড়ে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টা ২৮ মিনিটে তাঁর মৃত্যু হয়।
নিহত ইউনুস আলী উপজেলার ঘুঘুরাইল এলাকার আব্দুল খালেক দফাদারের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শ্যামকুড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
নিহতের বন্ধু শিক্ষক দীপক ঘোষ জানান, মনিরামপুর বাজারের দক্ষিণ পাশে ইউনুসের কোমল পানীয়র ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন তিনি। পথে বাজারের গোহাটা মোড়ে পৌঁছালে যশোরগামী একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ইউনুস।
দীপক ঘোষ বলেন, দুর্ঘটনার পর ইউনুসকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টা ২৮ মিনিটে তাঁর মৃত্যু হয়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক গাড়িটি ফেলে পালিয়ে গেছেন। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।






























