যশোরে আদালত চত্বরে ৩টি ককটেল বিষ্ফোরণ, শহর জুড়ে আতঙ্ক

যশোর শহরের জজ আদালতের দক্ষিণ গেটের দেয়াল লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। একই রাতে ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে এসব ঘটনা ঘটে। এতে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে রাতেই শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টা ২০ মিনিটের দিকে যশোর সিভিল কোর্ট মোড় থেকে জিলা স্কুল মোড়ের দিকে আসা একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি প্রেসক্লাবের সামনে পৌঁছান।
এ সময় মোটরসাইকেল থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেল দুটি জজ আদালতের দক্ষিণ গেটের দেয়ালে বিস্ফোরিত হয়। বিকট শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মোটরসাইকেল আরোহীরা দ্রুত রেলগেটের দিকে পালিয়ে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী হাসানুজ্জামান বলেন, ‘আমি সামনে থেকেই ঘটনাটি দেখেছি। মোটরসাইকেলে আসা ব্যক্তিরা যশোর প্রেসক্লাবের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পর তারা দ্রুত মোটরসাইকেল নিয়ে রেলগেটের দিকে পালিয়ে যায়। আমরা সবাই আতঙ্কিত।’
এদিকে একই রাতে যশোর ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
পরপর দুটি আদালত এলাকায় বিস্ফোরণের ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে প্রেস ক্লাবের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এ ধরনের ঘটনায় সাংবাদিক ও স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে যশোর পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) নুর ইসলাম ঘটনাস্থলে যান। এ সময় তিনি দেয়ালে লেগে থাকা বিস্ফোরিত বোমার জর্দার কৌটার টুকরা সংগ্রহ করেন। তিনি বলেন, ‘কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তিনি জানেন না। ককটেল নিক্ষেপের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন।’
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, প্রেসক্লাবের বিপরীতে জজ আদালতের প্রাচীরে সন্ধ্যার পর কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। একই রাতে যশোর ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পুলিশ বিষয়টি অনুসন্ধানের চেষ্টা করছে।






























