ফরিদগঞ্জে গিরিধারী যুব সংঘের উদ্যোগে জন্মাষ্টমী উদযাপন

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে শ্রী শ্রী গিরিধারী যুব সংঘের উদ্যোগে দিনব্যাপী নানা ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বিশেষ পূজা-অর্চনা, শতকণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ এবং বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, অধর্ম ও অশুভ শক্তির বিনাশ এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। মথুরার কারাগারে দেবকী ও বাসুদেবের ঘরে তাঁর আবির্ভাব হয়। শ্রীকৃষ্ণের জীবন ও গীতার বাণী মানুষকে সত্য, ন্যায়, ধর্ম ও মানবকল্যাণের পথে চলার শিক্ষা দেয়।
জন্মাষ্টমীর সকালে শ্রীকৃষ্ণের বিগ্রহে বিশেষ পূজা-অর্চনা শেষে শতকণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ অনুষ্ঠিত হয়। পরে আষ্টা এলাকা থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ফরিদগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি চলাকালে ফরিদগঞ্জ কেন্দ্রীয় লক্ষ্মী-নারায়ণ মন্দিরে পৌঁছালে সংগঠনের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাঁদের শ্রী শ্রী গিরিধারী যুব সংঘের লোগো সম্বলিত গেঞ্জি উপহার দেওয়া হয়। পরে শোভাযাত্রাটি আষ্টায় ফিরে এসে শেষ হয়। অনুষ্ঠান শেষে ভক্ত ও সাধারণ মানুষের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি সাগর দাস ও দুর্জয় কিশোর বর্ধন, সভাপতি নিত্যগোপাল অধিকারী, সহ-সভাপতি কানাইলাল সাহা, সাধারণ সম্পাদক হৃদয় দাস, সাংগঠনিক সম্পাদক মিঠু চৌধুরী, সহ-কোষাধ্যক্ষ রিত্তিক সাহা, সহ-প্রচার সম্পাদক পরশ সরকার, উন্নয়ন বিষয়ক সম্পাদক সীমান্ত কুড়ি, উপ-সদস্য সচিব অনিক পাল, দপ্তর সম্পাদক তন্ময় সাহা, সহ-দপ্তর সম্পাদক দীপ্ত কুড়ি ও রনি সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচির সফল সমাপ্তিতে সংগঠনের সভাপতি নিত্যগোপাল অধিকারী সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
















