পে স্কেলে উচ্চ পদে কমবে ইনক্রিমেন্ট, বাসা ভাড়াতেও কাটছাঁট

নতুন বেতন কাঠামোয় সামরিক ও বেসামরিক সেবা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত সংস্থার উচ্চ গ্রেডের কর্মচারীদের জন্য বার্ষিক ইনক্রিমেন্টের হার কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উচ্চ ধাপে মূল বেতন বেশি থাকা কর্মকর্তারা তুলনামূলক কম হারে বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন। একই সঙ্গে সব স্তরের সরকারি কর্মচারীদের বাসা ভাড়া ভাতার হার কমানোর প্রস্তাব করা হয়েছে।

৩১ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। কার্যবিবরণী অনুযায়ী, নতুন বেতন কাঠামোয় মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এতে জীবনযাত্রার বাড়তি খরচের বিষয়টি পুষিয়ে যাবে বিবেচনায় নিয়ে বাড়ি ভাড়ার ভাতার সার্বিক হার কিছুটা কমিয়ে আনা হচ্ছে।

বর্তমানে সব গ্রেডের সরকারি কর্মচারীরা অভিন্ন ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধা পেয়ে থাকেন। নতুন বেতন কাঠামোতে এই অভিন্ন হার বাতিল করে গ্রেডভিত্তিক আলাদা ইনক্রিমেন্টের হার নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ২০ থেকে ষষ্ঠ নম্বর গ্রেড পর্যন্ত কর্মীরা আগের মতোই ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাবেন। তবে পঞ্চম গ্রেডের ক্ষেত্রে এই হার কমে দাঁড়াবে ৪ শতাংশে। চার ও তৃতীয় নম্বর গ্রেডের কর্মকর্তাদের জন্য ৩ দশমিক ৫ শতাংশ এবং দ্বিতীয় নম্বর গ্রেডের ক্ষেত্রে এই হার কমে হবে ২ দশমিক ৭৫ শতাংশ।

এর পাশাপাশি কর্মচারীদের বাসা ভাড়ার হারেও বড় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। ২০১৫ সালের বেতন কাঠামো অনুসারে ঢাকা শহরের কর্মচারীরা মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা পেতেন। নতুন কাঠামো বাস্তবায়িত হলে এই হার কমে ৪০ থেকে ৬০ শতাংশে নেমে আসবে।