আরও ৯০ দিনের ডাকসুর দায়িত্বে সাদিক কায়েমরা, তবে…

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মেয়ার উত্তীর্ণ হলেও গঠনতন্ত্র অনুযায়ী আপাতত দায়িত্ব পালন করবে বর্তমান কমিটি। নির্ধারিত ৩৬৫ দিনের মেয়াদ গত রবিবার শেষ হলেও নতুন নির্বাচনের তফসিল না হওয়া পর্যন্ত ভিপি আবু সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদের নেতৃত্বাধীন প্যানেল অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত রুটিন দায়িত্ব সামলাবে।

প্রশাসন স্পষ্ট করেছে, এই অতিরিক্ত সময়ে বর্তমান নেতারা কেবল প্রশাসনিক রুটিন কাজ চালাতে পারবেন, তবে নীতিগত কোনো নতুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের থাকবে না। এর মধ্যে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করলেই সাথে সাথে পদ ছাড়তে রাজি আছেন ছাত্রনেতারা।

২০২৫ সালের সেপ্টেম্বরে দীর্ঘ বিরতির পর শিবিরের সমর্থনপুষ্ট প্যানেল ডাকসুর দায়িত্ব গ্রহণ করে। নিয়ম অনুযায়ী এক বছর পূর্ণ হওয়ায় ইতিমধ্যে সমাপনী অনুষ্ঠান ও নেতাদের বিদায়ী পর্ব সম্পন্ন হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নতুন নির্বাচন আয়োজনের দৃশ্যমান কোনো তোড়জোর বা ছাত্রসংগঠনগুলোর সাথে আলোচনা শুরু হয়নি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সিন্ডিকেট সভা ও হল প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সব অংশীজনের সাথে বৈঠক করে পরিবেশ পর্যালোচনা করা হবে। এরপরই নতুন নির্বাচনের সময়সূচি ও প্রক্রিয়া চূড়ান্ত করবে প্রশাসন।