বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলে বহিরাগতদের প্রাইভেট বাণিজ্য, প্রধান শিক্ষক বলছেন আমার জানা নাই

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ব্যবহার করে বহিরাগত প্রাইভেট শিক্ষকরা প্রাইভেট পড়ানোর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সকাল-বিকাল বিদ্যালয় শ্রেণিকক্ষে চলে প্রাইভেট টিউশন। শুধু ওই বিদ্যালয়ের শিক্ষার্থী নয় আশপাশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখানে এসে প্রাইভেট টিউশন নিচ্ছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তিনটি শ্রেণিকক্ষে বহিরাগত ব্যক্তিরা শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছেন। সাংবাদিকের উপস্থিতি দেখে এক কক্ষের শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেন তবে প্রাইভেট পড়ানোর বিষয়টি স্বীকার করেন। অন্য একজন সেবা দিচ্ছেন বলতে থাকেন। তবে পরে স্বীকার করেন তিনিও।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনই বিদ্যালয়টির শ্রেণিকক্ষে সবমিলিয়ে অর্ধ শতাধিক শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো হয়। সেখানে প্রাইভেট শিক্ষকরা হলেন স্থানীয় বাসিন্দা অজুত হোসেন, মিলন মিয়া ও নাজিম মিয়া। পার্শ্ববর্তী কাকৈরগড়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী জানায়, গত ৫ মাস ধরে এই বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অজুত হোসেনের কাছে প্রাইভেট পড়ছে তারা। প্রতি মাসে ৫০০ টাকা করে প্রাইভেট বেতন দিচ্ছে।
স্থানীয় বাসিন্দা রতন মিয়া জানান, সকাল ও বিকাল দুই সময়েই বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ব্যবহার করে চলে এই প্রাইভেট বাণিজ্য। শিক্ষা প্রতিষ্ঠান কি বাণিজ্যর জন্য ? সরকার তো প্রাইভেট পড়ানোর জন্য বিদ্যালয় করেনি। আমরা চাই ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে জানতে চাইলে কৃষ্ণেরচর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস উদ্দিন দাবি করেন, শ্রেণিকক্ষে এভাবে প্রাইভেট পড়ানোর বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, কিভাবে তারা প্রাইভেট পড়াচ্ছেন আমি জানি না। তালার চাবি তাদের কাছে কিভাবে তাদের জিজ্ঞেস করুন। আমি কিছুই জানি না।
এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুল রহমান আনছারী প্রতিবেদকে বলেন, প্রতিষ্ঠানের কোন কক্ষ অন্য কোন কাজে ব্যবহৃত হয় এটি সবার আগে জানবেন প্রতিষ্ঠান প্রধান। যদি প্রতিষ্ঠান প্রধান বলে থাকেন যে আমি জানিনা এটি ওনার দায়িত্বে চরম একটা অবহেলা আমি বলব। তো আমি অবশ্যই খোঁজ নিব এটি কেন জানেন না এবং এটি জানা উচিত ছিল কিনা।
তিনি আরও বলেন, একটা প্রতিষ্ঠানের রুমে প্রাইভেট পড়াবে বাইরের লোকজন। চাবি থাকবে তাদের হাতে আর প্রতিষ্ঠান প্রধান হিসেবে জানবেন না এটা তো ওনার চরম ব্যর্থতা। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।






























