ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় জমিয়তের প্রার্থী মাওলানা কামাল উদ্দিন ইউসুফ

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা জমিয়তের সভাপতি মুফতি নাজিম উদ্দিন এ প্রার্থিতা ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীরা হলেন গৌরীপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন করবেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন ইউসুফ। এছাড়া রামগোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুফতি মোস্তাফিজুর রহমান এবং মুফতি খাইরুল ইসলাম নির্বাচন করবেন।

সংবাদ সম্মেলনে মুফতি নাজিম উদ্দিন বলেন, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এই উপমহাদেশের অন্যতম প্রাচীন একটি রাজনৈতিক দল। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্বপ্রকার নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে দলটির ঐতিহ্যবাহী ভূমিকা রয়েছে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশেও দলটি সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক উপায়ে রাজনীতি চর্চা করে আসছে।

জাতীয় সংসদ থেকে শুরু করে স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনে জমিয়তের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। সেই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনে প্রাথমিক পর্যায়ে গৌরীপুর পৌরসভা ও দুটি ইউনিয়নে প্রার্থীদের নাম ঘোষণা করা হলো। একই সাথে তিনি স্থানীয় বাসিন্দাদের জমিয়তে ওলামায়ে ইসলামের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপজেলা জমিয়তের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আতাহার আলী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নূরুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি যিনাত হুসাইন, স্থানীয় নেতা হাফেজ মাওলানা আবুল বাশার, মাওলানা আল আমিন, মাওলানা নুরুল আমিন, ক্বারী সাদ্দাম হোসেন ও মুফতি ইব্রাহিম।