৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের কৃতী সন্তান ও রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. রবিউল ইসলাম আর নেই। এলাকায় ‘ওমর স্যার’ নামে পরিচিত এই গুণী শিক্ষক মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দীর্ঘ ৪১ বছরের শিক্ষকতা জীবনে তিনি ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন। এমনকি ছুটির দিনেও শিক্ষার্থীদের পাঠদান করতেন। ১৯৬৮ সালে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করে বিভিন্ন বিদ্যালয়ে দায়িত্ব পালনের পর ১৯৭৪ সালে রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। ২০০৯ সালে অবসর গ্রহণ করেন তিনি।
শিক্ষকতার প্রতি নিষ্ঠা, সততা ও সময়ানুবর্তিতার জন্য তিনি শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। অবসর জীবনে বই পড়া, বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সময় কাটাতেন তিনি। তাঁর দীর্ঘ কর্মজীবন ও আদর্শ আগামী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।
ওমর স্যারের মৃত্যুতে পরিবার, প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।


























