বিএনপি সরকার হিন্দুদের সংখ্যা লঘু নয়, দেশের অন্য নাগরিকদের মতোই মনে করে- এম.ইকবাল হোসেইন

‘বিএনপি সরকার হিন্দুদের সংখ্যালঘু নয়, দেশের অন্য নাগরিকদের মতোই মনে করে’-শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করতে এসে এমন মন্তব্য করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি।

তিনি আরও বলেন, আমরা একে অপরের ভাই। আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে, এই নিয়ে যাতে কারও সাথে কোন ধরনের দ্বন্দ্ব না হয়। সারাদেশে এবার বিপুল উৎসাহ উদ্দীপনায় নির্বিঘ্নে শারদীয় দুর্গা উৎসব পালিত হচ্ছে। সরকারের পক্ষ থেকে নিরাপত্তাসহ সবধরনের সহযোগিতা করা হচ্ছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। এসময় তাঁদের সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন প্রতিমন্ত্রী।

গৌরীপুর পূজা উদযাপন কমিটির সভাপতি কমল সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা। এসময় উপস্থিত ছিলেন, গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) এ বি এম কাউসার জামান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান, গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ,।

ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহবায়ক মোঃ আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোঃ মাহফুজুর রহমান মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন পাপ্পু প্রমুখ।