বিশ্ব পর্যটন দিবসে যশোরের রাজগঞ্জে ‘ঐতিহ্য পর্যটন উৎসব-সিজন-২

বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঐতিহ্য পর্যটন উৎসব-সিজন-২’। রাজগঞ্জ পর্যটন ক্লাব (আরটিসি) এ উৎসবের আয়োজন করছে।

আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার বিকেল ৩টায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে যশোরের জেলা প্রশাসকের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার।

আয়োজনের শুরুতে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পরে সন্ধ্যা ৭টায় শুরু হবে সাংস্কৃতিক সন্ধ্যা। রাত ১২টা পর্যন্ত মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে ‘আমি জেল থেকে বলছি’ যাত্রাপালা।

রাজগঞ্জ পর্যটন ক্লাবের সভাপতি মোঃ আলমগীর হোসেন (লাচ্চু) জানান, স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনের সম্ভাবনাকে দেশ-বিদেশের মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি তরুণ প্রজন্মকে নিজ এলাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

আয়োজকরা জানান, রাজগঞ্জ ও আশপাশের এলাকার মানুষের মধ্যে পর্যটন বিষয়ে আগ্রহ সৃষ্টি এবং স্থানীয় ঐতিহ্যকে সংরক্ষণ ও প্রচারের মাধ্যমে রাজগঞ্জের পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করার প্রত্যাশা রয়েছে তাদের।

‘ঐতিহ্য পর্যটন উৎসব-সিজন-২’ সফল করতে সর্বস্তরের মানুষের উপস্থিতি, সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন আয়োজকরা।