বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি ও বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে এক সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

যশোর দক্ষিণ পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তরের পরিচালক অপারেশন লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বডার গার্ড বাংলাদেশ বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও ভারতের বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এর আইজি এই বৈঠকের নেতৃত্ব দেন।

বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসি এবং ভারতের বিএসএফ ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং,আইপিএস, বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সীমান্ত হত্যা বন্ধসহ সকল সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে অত্যন্ত ফলপ্রসু ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষই সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে তাদের বলিষ্ঠ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তসমূহ সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন নিশ্চিত করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে মর্মে উভয় পক্ষ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।