বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, পলাতক সন্ত্রাসীদের বন্দিবিনিময় চুক্তির আওতায় আসতে হবে। পাসপোর্ট চেয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদন সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।
শেখ হাসিনা পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন এমন খবরের মধ্যে মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে আসেন হুমায়ুন কবির।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেন। বলেন, দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না বাংলাদেশ।
প্রতিমন্ত্রী বলেন, হাসিনা বা হাসিনার পরিবার বলেন, আওয়ামী লীগের লুটেরা বলেন, প্রত্যেকটাই তো পলাতক। যেটাই দেখবেন কথা বলে, প্রত্যেকটাই পলাতক। প্রত্যেকটাই দেশের সম্পদ লুট করেছে বিভিন্নভাবে। এগুলোর প্রতি বাংলাদেশের মানুষের ঘৃণা আছে। ওয়ার্ল্ডওয়াইড যারা এথিক্যাল মানুষ, তারাও এদের ঘৃণা করেন।
হাসিনার পাসপোর্ট আবেদন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, নতুন করে কোনো পাসপোর্ট দেবে না বাংলাদেশ। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাই তার পাসপোর্ট নবায়নের আবেদন গ্রহণযোগ্য নয়।
হুমায়ুন কবির আরও বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারে না।’
প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আসতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত আসতে হবে। শুধু টাকার জন্য কোনো লবিস্ট যদি তার হয়ে কাজ করে, তাদের নৈতিক অবস্থান কোথায়?’
এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘Bangladesh does not give passport to terrorists. It asked to handed over’। অর্থাৎ, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং তাদের হস্তান্তর চায়।
তিনি উল্লেখ করেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে বাংলাদেশে ফিরতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে সোমবার আবেদন করেছেন শেখ হাসিনা। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটিকে তার নেওয়া সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা।






























