দিল্লিও অস্বস্তিতে

যে দুই শর্তে হাসিনাকে ফেরাতে চায় ভারত, বিপাকে ঢাকা?

প্রাণ বাঁচাতে দেশ ছেড়েছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর যুদ্ধবিমানে চড়ে। এবার কি সেই সেনাবাহিনীরই বিশেষ ব্যবস্থায় ফিরবেন শেখ হাসিনা? দুই বছর ধরে ভারতের আশ্রয়ে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর প্রশ্নে নতুন করে আলোচনায় এসেছে ঢাকা-দিল্লির কূটনৈতিক যোগাযোগ।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। কিন্তু তাঁর প্রত্যাবর্তনের পথ কি এতটাই সহজ? নাকি এর পেছনে রয়েছে একাধিক কূটনৈতিক শর্ত, নিরাপত্তার হিসাব এবং বিচারপ্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ সমঝোতার প্রশ্ন? বিবিসি বাংলার বরাতে ভারতের প্রভাবশালী আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে ঢাকার কাছে দুটি শর্ত তুলে ধরেছে নয়াদিল্লি।

শেখ হাসিনা ভারতের অত্যন্ত বিশ্বস্ত ও পুরনো বন্ধু। তাকে ভারত কোন ভাবেই বিপদে ফেলতে চাইনা। এজন্য দিল্লি ঢাকার কাছে হাসিনাকে ফেরত দেয়ার ব্যাপারে দুইটি শর্ত জানিয়েছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

প্রথমত, বাংলাদেশের সেনাবাহিনীর বিশেষ ব্যবস্থায় তাঁকে দেশে ফিরিয়ে নিতে হবে এবং প্রত্যাবর্তনের পর তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

দ্বিতীয়ত, দেশে ফিরে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে সুষ্ঠু বিচারপ্রক্রিয়ার সুযোগ দিতে হবে। অর্থাৎ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের কথিত অবস্থানে একদিকে যেমন রয়েছে নিরাপত্তার প্রশ্ন, অন্যদিকে তেমনি রয়েছে বিচারিক অধিকার নিশ্চিত করার দাবি। তবে এসব শর্ত নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলার দাবি উঠলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সমঝোতার কথা প্রকাশ্যে আসেনি।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ নভেম্বর বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বক্তব্যের ভিত্তিতে এই দুই শর্তের বিষয়টি সামনে আসে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ওই কর্মকর্তা বলেন, তাঁকে এমন পরিস্থিতিতে ফেরত পাঠানো সম্ভব নয়, যেখানে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আশঙ্কা রয়েছে। বিবিসি বাংলাকে তিনি বলেন, “আমরা জেনেবুঝে তাঁকে ফাঁসিতে ঝোলানোর জন্য ঠেলে দিতে পারি না। বরং, তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, তা নিশ্চিত করতে চাইব।”

সেনাবাহিনীর বিশেষ ব্যবস্থায় ফেরানোর প্রস্তাব
ভারতের কথিত প্রথম শর্তটি ঘিরেই তৈরি হয়েছে সবচেয়ে বেশি কৌতূহল। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশের সেনাবাহিনীর একটি যুদ্ধবিমানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। এবার তাঁকে দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও একই ধরনের সামরিক ব্যবস্থার কথা ভাবছে নয়াদিল্লি—এমনটাই দাবি বিবিসি বাংলার প্রতিবেদনে।

এ ক্ষেত্রে বাংলাদেশ সরকার দিল্লিতে একটি সামরিক বিমান পাঠিয়ে তাঁকে ফিরিয়ে নিতে পারে। বিকল্প হিসেবে দুই দেশের সীমান্তের নির্দিষ্ট কোনো স্থানে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে তাঁকে হস্তান্তরের ব্যবস্থাও হতে পারে।

তবে বিষয়টি কেবল যাতায়াতের ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। দেশে ফেরার পর শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও ভারতের কাছে গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর প্রত্যাবর্তন যেন নতুন কোনো নিরাপত্তাঝুঁকি কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম না দেয়, সে বিষয়েও বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত।

দ্বিতীয় শর্তে বিচার ও মৃত্যুদণ্ডের প্রশ্ন
ভারতের কথিত দ্বিতীয় শর্তটি আরও বেশি স্পর্শকাতর। শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন ও সংশ্লিষ্ট ঘটনাবলি নিয়ে তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া নতুন করে শুরু করার সুযোগ থাকতে হবে বলে বিবিসি বাংলার প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ভারতের উদ্বেগের জায়গাটি হলো, তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর পর যেন তিনি আইনগত অধিকার থেকে বঞ্চিত না হন। আত্মপক্ষ সমর্থন, আপিল এবং সুষ্ঠু বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করতে চায় নয়াদিল্লি।

কেন এত দিন হাসিনাকে ফেরত দেয়নি ভারত?
শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার ২০২৪ সালের নভেম্বরেই ভারতের কাছে কূটনৈতিক বার্তা বা ‘নোট ভার্বাল’ পাঠিয়েছিল। পরবর্তী সময়েও এ বিষয়ে তাগাদা দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভারত প্রত্যর্পণের অনুরোধে সরাসরি সম্মতি কিংবা প্রত্যাখ্যান—কোনোটিই আনুষ্ঠানিকভাবে জানায়নি। ফলে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের বারবার অনুরোধের পরও কেন বিষয়টি এত দিন ঝুলে ছিল?

বিবিসি বাংলার প্রতিবেদনে ভারতীয় পর্যবেক্ষকদের উদ্ধৃত করে বলা হয়েছে, শেখ হাসিনা দীর্ঘদিন ভারতের ঘনিষ্ঠ ও আস্থাভাজন রাজনৈতিক মিত্র ছিলেন। তাঁকে বন্দি অবস্থায় প্রতিবেশী দেশের হাতে তুলে দিলে ভারতের অন্যান্য ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্রনেতাদের কাছেও নেতিবাচক বার্তা যেতে পারত—এমন কূটনৈতিক বিবেচনা কাজ করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

পাসপোর্টের আবেদন, তারপর দেশে ফেরার ঘোষণা
শেখ হাসিনার প্রত্যাবর্তনের আলোচনা নতুন মাত্রা পায় তাঁর পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আবেদনের ঘটনায়। গত ৯ নভেম্বর ঢাকার কাছে পাসপোর্ট চেয়ে আবেদন করেন তিনি। সংবাদ সংস্থা এপির তথ্য অনুযায়ী, তাঁর পক্ষে একজন আইনজীবী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে গিয়ে লিখিত আবেদন জমা দেন। বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর নিজের দেশের সরকারের সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরপরই ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী। তবে বিবিসি বাংলার প্রতিবেদনে দাবি করা হয়েছে, আশ্রয়দাতা দেশ ভারতের সম্মতি ও আলোচনার ভিত্তিতেই তিনি দেশে ফেরার উদ্যোগ নিয়েছেন।

হাসিনার ভারতে অবস্থান নিয়ে অস্বস্তিতে দিল্লি?
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে ভারতও এক ধরনের কূটনৈতিক অস্বস্তির মধ্যে রয়েছে। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। একদিকে ঢাকার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়ার চাপ, অন্যদিকে দিল্লিতে তাঁর অবস্থান—দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি জটিলতা তৈরি করেছে।

ভারতীয় পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনা যদি তৃতীয় কোনো দেশে চলে যেতে পারতেন, তাহলে নয়াদিল্লির জন্য পরিস্থিতি সামলানো সহজ হতো। কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়িত না হওয়ায় তাঁর বাংলাদেশে প্রত্যাবর্তনকেই এখন তুলনামূলক বাস্তবসম্মত পথ হিসেবে বিবেচনা করা হচ্ছে।