পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন ঘিরে রহস্য, মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ডিসেম্বরেই কি ফিরছেন হাসিনা?

ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়েছিলেন, ফিরতে চাইছেন মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে! বাংলাদেশের রাজনীতির আলোচিত ও বিতর্কিত অধ্যায়ের কেন্দ্রীয় চরিত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক উত্তেজনা। প্রায় দুই বছর ধরে ভারতে অবস্থান করা শেখ হাসিনা এবার দেশে ফেরার প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন।
বাংলাদেশের নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন তিনি। শুধু তাই নয়, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথাও জানিয়েছেন। তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলেই ঘোষণা করা হবে দেশে ফেরার সম্ভাব্য তারিখ। সময় হিসেবে সামনে এসেছে আগামী ডিসেম্বর।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও আলজাজিরা প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছেন শেখ হাসিনা। তাঁর এই উদ্যোগকে দেশে ফেরার পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে আবেদন দুটি অনুমোদন পেয়েছে কি না, কিংবা দেশে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই।
এই আবেদন ঘিরে সামনে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৃত্যুদণ্ডের রায়ের পর দেশে ফিরলে কী হবে শেখ হাসিনার পরিণতি? সরকার কি তাঁকে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র দেবে? আর ভারতের মাটি ছেড়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করার ক্ষেত্রে নয়াদিল্লির অবস্থানই বা কী হবে?
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তাঁর পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আইনগত যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়ার বৈধতা পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় পরীক্ষা করে দেখছে। ফলে দেশে ফেরার সম্ভাবনার পাশাপাশি তাঁর নাগরিকত্বসংক্রান্ত নথি পাওয়ার বিষয়টিও এখন প্রশাসনিক ও আইনি বিবেচনায় রয়েছে।
অন্যদিকে, শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গ সামনে এনেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশ তাঁকে ফেরত চায়। তবে নয়াদিল্লি এখন পর্যন্ত ঢাকার প্রত্যর্পণের অনুরোধে সম্মতি দেয়নি।
তবে দেশে ফিরলে শেখ হাসিনার সামনে সবচেয়ে বড় বাস্তবতা হবে বিচারিক প্রক্রিয়া। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী সহিংসতার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন।
সব মিলিয়ে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন বাংলাদেশের বিচারব্যবস্থা, রাজনৈতিক ভবিষ্যৎ এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়েছে। ডিসেম্বর মাসে তাঁর দেশে ফেরার সম্ভাবনার কথা সামনে এলেও সেই প্রত্যাবর্তন এখনো নিশ্চিত নয়।
এখন প্রশ্ন একটাই—দুই বছর পর সত্যিই কি বাংলাদেশের মাটিতে পা রাখবেন শেখ হাসিনা, নাকি আইনি বাধা ও কূটনৈতিক সমীকরণের জটিলতায় থমকে যাবে তাঁর ফেরার পরিকল্পনা?






























