সংবাদ প্রকাশের পর কৈখালী বাজারের ড্রেন ও ময়লা-আবর্জনা পরিষ্কারে উদ্যোগ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা ও বদ্ধ ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারের অপরিচ্ছন্ন পরিবেশ ও জনদুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশের পর এ উদ্যোগে এগিয়ে এসেছেন সাবেক ছাত্রনেতা সুমন তালুকদার।
দীর্ঘদিন ধরে বাজারের বিভিন্ন ড্রেন অপরিষ্কার ও বদ্ধ থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। পাশাপাশি জমে থাকা ময়লা-আবর্জনা থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ। এতে বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হওয়ার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশের কারণে জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখা দেয়।
সম্প্রতি বাজারের এ দুর্ভোগ নিয়ে নিউজ বুলেটিনে ভিডিওসহ সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে সাবেক ছাত্রনেতা সুমন তালুকদার পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতার উদ্যোগ নেন। তাঁর উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় বাজারের বদ্ধ ড্রেন এবং আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ শুরু ও সম্পন্ন করা হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমটি স্থানীয় সাংবাদিক মাহফুজ গাজী, ছাত্রনেতা ইকবাল বেপারী ও নাসির মোল্লার তত্ত্বাবধানে পরিচালিত হয়।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, জনদুর্ভোগের বিষয়গুলো চিহ্নিত করে ব্যক্তি ও সামাজিক উদ্যোগে এগিয়ে এলে স্থানীয় অনেক সমস্যার দ্রুত সমাধান সম্ভব। তবে বাজারের পরিচ্ছন্নতা ধরে রাখতে নিয়মিত বর্জ্য অপসারণ এবং ড্রেন পরিষ্কারের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।



















