টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ও ম্যাগাজিন

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৩টি বিস্ফোরক গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। পরে আদালতের নির্দেশনায় সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম উদ্ধারকৃত গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।
রোববার (২২ নভেম্বর) এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দমদমিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) সহযোগীদের নিয়ে মাদক কেনাবেচার উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর ব্লক-সি, সাব-ব্লক-সি১২ সংলগ্ন নেচার পার্কের লাল গেটের সামনে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অবস্থান করছে।
এসআরবি-১৫-এর আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযানের উপস্থিতি টের পেয়ে রুবেলসহ অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি ইজিবাইকের পেছনের যাত্রী বসার স্থানে একটি পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সহায়তায় বস্তাটি তল্লাশি করে এসব অস্ত্র ও বিস্ফোরকসদৃশ আলামত উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—৭টি গ্রেনেড, ৬টি এজিএল (AGL) গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি, একটি খালি কালো রঙের ম্যাগাজিন এবং একটি পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইক।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত গ্রেনেডগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিবহন ও সংরক্ষণে জানমালের বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল। এ কারণে সেগুলো ধ্বংস ও নিষ্ক্রিয় করার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়। পরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-৫ (নন-জিআর), কক্সবাজারের আদেশের পরিপ্রেক্ষিতে ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসের জিএস শাখার বোম ডিসপোজাল টিম শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে The Arms Act, 1878-এর ১৯(এফ) ধারা এবং The Explosive Substances Act, 1908-এর ৪ ও ৬ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





















