বিতর্কিত ব্যক্তি যেন দেশে ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি : ডিজি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জামান সিদ্দিকী বলেছেন, ডিসেম্বর মাসকে সামনে রেখে কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্তে পুশ-ইন ঠেকানো, মাদক পাচার বন্ধ এবং অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ প্রতিরোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জামান সিদ্দিকী এসব কথা বলেন।

তিনি বলেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতায়াত বন্ধে বিজিবি কাজ করছে।

তিনি আরও জানান, সীমান্ত পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে তিনি ফেনী, কুমিল্লা ও আখাউড়া পরিদর্শনে এসেছেন।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সীমান্তসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা বিজিবিকে জানিয়ে সহযোগিতা করবেন।

পরিদর্শনকালে বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এবং সরাইল সেক্টর কমান্ডার কর্নেল রাকিব হাসান, ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।