NTRCA নিয়োগ সংকট নিরসনে জবিতে অবস্থানরত শিক্ষার্থীদের ৩ দফা দাবি

NTRCA নিয়োগ সংকট ও চলমান আন্দোলনের প্রেক্ষিতে তিন দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লাইব্রেরিতে অবস্থানরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক নিবন্ধন ও নিয়োগ নিয়ে অনিশ্চয়তার কারণে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা সংকটে রয়েছেন। এ পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে তাদের তিন দফা দাবি হলো—
১. NTRCA নিয়োগ কোনোভাবেই ম্যানেজিং কমিটির হাতে হস্তান্তর করা যাবে না। অনাগত দিনে এ ধরনের জনবিরোধী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে হবে।
২. চাকরিপ্রত্যাশী বেকার শিক্ষার্থীদের বাস্তবিক দিক বিবেচনা করে গত তিন বছর ধরে ঝুলে থাকা ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার অনতিবিলম্বে প্রকাশ করতে হবে।
৩. সরকারি অথবা বেসরকারি সকল পরীক্ষায় ডিভাইসধারী ও অসাধুচক্র দমনে কার্যকর এবং দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।






























