এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচী থেকে ১৫তম দিনে মানববন্ধন

এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচী থেকে ১৫তম দিনে মানববন্ধন করেছে নন-এমপিও শিক্ষকরা।
২১ জুন, রবিবার বেলা ১০টায় যথারীতি জাতীয় প্রেসক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অধ্যক্ষ সেলিম মিয়ার সভাপতিত্বে শুরু হয়। লাগাতার অবস্থান কর্মসূচির পরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টায় ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতি অত্র সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিয়া তার বক্তব্যে বলেন দেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই বিএনপি জোট আমলে প্রতিষ্ঠিত। এ কারণে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করে নাই। তিনি বিএনপি সরকারের প্রতি বিএনপি আমলে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী মহোদয়ের নিকট আকুল আবেদন জানান।
কেন্দ্রীয় সমন্বয়ক অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম বলেন, বর্তমানে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুই যুগের অধিক সময় ধরে এমপিও বঞ্চিত থাকায় প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে গেছে এবং শিক্ষক কর্মচারীগণ পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। সরকারের নিকট তিনি দেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনই এমপিওভুক্তির আবেদন জানান।
কেন্দ্রীয় সমন্বয়ক অধ্যক্ষ মোঃ বাকী বিল্লাহর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নন এমপিও শিক্ষক নেত্রী অধ্যক্ষ সামিয়া জামান পান্না ও জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ।
মানববন্ধন কর্মসূচি থেকে ২৩ জুন ২০২৬ তারিখের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ঘোষিত পদযাত্রাটি অনিবার্য কারণবসত স্থগিত করা হয়। পরবর্তীতে যথা সময়ে কর্মসূচিটি পালন করা হবে।






























