কক্সবাজারের টেকনাফে অস্ত্র-গুলিসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ তিনজন সক্রিয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

সোমবার (১৪ এপ্রিল) ভোর রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে টেকনাফ মডেল থানার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়— পহেলা বৈশাখের ছুটির সুযোগে উত্তর কাঞ্জরপাড়া এলাকায় মাদকের একটি বড় চালান হাতবদলের প্রস্তুতি চলছে এবং সেখানে একদল সশস্ত্র ব্যক্তি অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল দ্রুত অভিযান চালায়।

অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ রাশেদ প্রকাশ রাসেল (২৫), মোঃ সোহেল উদ্দিন প্রকাশ লালু (২৩) এবং এহসান উল্লাহ (২৫)। তারা সবাই উত্তর কাঞ্জরপাড়া এলাকার বাসিন্দা।

এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি), ৮ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি বড় রামদা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা পেশাদার মাদক কারবারি এবং সীমান্ত দিয়ে আসা মাদকের চালানের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র পাহারাদার হিসেবে কাজ করছিল। তাদের বিরুদ্ধে এলাকায় মাদক পাচার, দস্যুতা ও অস্ত্র প্রদর্শনের একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

র‍্যাব-১৫ এর এক কর্মকর্তা জানান, পহেলা বৈশাখকে কেন্দ্র করে কোনো অপরাধী চক্র যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে বিশেষ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পলাতক সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন ও ১৮৬০ সালের দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।