মনিরামপুরে বিজ্ঞান মেলায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে মনিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম বিজ্ঞান মেলার প্রকল্প প্রদর্শনীতে জুনিয়র গ্রুপ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। এ উপলক্ষে বুধবার (১৫ এপ্রিল) মনিরামপুর শিক্ষা অফিস মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজক সূত্রে জানা গেছে, বিজ্ঞানচর্চা বৃদ্ধি ও শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা উন্নয়নে প্রতিবছরের মতো এ বছরও উৎসবমুখর পরিবেশে বিজ্ঞান মেলার বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জুনিয়র গ্রুপের প্রকল্প প্রদর্শনীতে অংশ নিয়ে নিজস্ব উদ্ভাবনী প্রদর্শনী উপস্থাপন করে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিচারকদের মূল্যায়নে তারা দ্বিতীয় স্থান অর্জন করে। এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। এ বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের সাথে ছিলেন- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ কামরুজ্জামান, নুরুল ইসলাম নাহিদ ও মোঃ আব্দুল মাজিদ। রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত বিজ্ঞানচর্চা ও সৃজনশীল কাজের ফলেই আমরা এ সাফল্য পেয়েছি। ভবিষ্যতেও আরও ভালো করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।” আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তাচেতনা বৃদ্ধি এবং প্রযুক্তিমুখী দক্ষতা গড়ে তুলতেই জাতীয় পর্যায়ের এ উদ্যোগ অব্যাহত থাকবে।