কলারোয়ায় দিনদুপুরে দুটি বাসা থেকে দুর্ধর্ষ চুরি, খোয়া গেলো টাকা-স্বর্ণালংকার

সাতক্ষীরার কলারোয়ায় দিনদুপুরে দুটি বাসা থেকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে অর্ধলক্ষাধিক টাকা ও ৩ ভরির মতো স্বর্ণালংকার চুরি হয়েছে।
বুধবার (৪ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১২টার দিকে কলারোয়া পৌরসদরের মহিলা কলেজের বিপরীতে এ চুরির ঘটনা ঘটে। চাকরীজীবী ওই দুই পরিবার অফিসে যাওয়ার সুযোগে কে বা কারা চুরি সংঘঠিত করেছে।
জানা গেছে, একই ভবনের দ্বিতীয় তলার দুটি বাসার একটিতে ভাড়া থাকতেন কলারোয়া এবি ব্যাংকের কর্মকর্তা মাসুদ এবং অপরটিতে সরকারি হাসপাতালের নার্স কবিতা ও তার স্বামী এনজিও কর্মকর্তা সুকুমার দাস।
ক্ষতিগ্রস্থ ব্যাংকার মাসুদ জানান, সকাল ৯টার দিকে তিনি ব্যাংকে চলে যান। বেলা দেড়টার দিকে বাসায় এসে দেখেন ঘরের দরজার তালা ভাঙ্গা। ভিতরে সবকিছু তছনছ করা। ড্রয়ার ভেঙ্গে নগদ ৩৬/৩৭হাজার টাকা ও দেড় ভরির মতো স্বর্ণালংকার চুরি হয়েছে।
একই ঘটনা পাশের বাসাতেও। ওই বাসার বাসিন্দা সুকুমার দাস জানান, সকাল ৮টার দিকে তিনি ও তার স্ত্রী অফিসে চলে যান। তাদের বাসা থেকেও একই ভাবে দরজার তালা ভেঙ্গে ভেতর থেকে নগদ ২০হাজার টাকা ও ১ ভরির মতো স্বর্ণালংকার চুরি হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীরা থানা অভিযোগ দিয়েছেন বলে জানান।
এ বিষয়ে কলারোয়া থানার ওসি এইচএম শাহীন জানান, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।





























