কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুুতি সভা

কুড়িগ্রামে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্র¿স্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, এ বছর জেলার ৯টি উপজেলায় মোট ৫৬৬টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।

​সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নয়, এটি আমাদের অসাম্প্রদায়িক ঐতিহ্য ও সম্প্রীতির উৎসব। কুড়িগ্রামের চিরাচরিত সৌহার্দ্যপূর্ণ আবহ বজায় রেখে যেন সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে ও নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য জেলা প্রশাসন সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।”

​জেলা প্রশাসক আরও বলেন, “প্রতিটি মন্ডপে আইনশৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশেষ নজরদারি থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি পূজামন্ডপে স্থানীয় সেচ্ছাসেবকদের নিয়ে সমন্বিত মনিটরিং টিম কাজ করবে। যেকোনো গুজব বা উসকানিমূলক কর্মকান্ড রোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।”

​সভায় বিশেষ বক্তব্য ও মুক্ত আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, এনএসআইয়ের উপপরিচালক আনিসুর রহমান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বেনজির হোসেন।পূজা উদযাপন পরিষদের কুড়িগ্রাম জেলা সভাপতি দুলাল চন্দ্র রায়,হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট জেলা আহবায়ক সুভাষ চন্দ্র রায় সহ নেতৃবৃন্দ।

​সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সিনিয়র সাংবাদিক আশরাফুল হক রুবেল ও আরিফুল ইসলাম রিগ্যান।

​বক্তারা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই নীতিতে বিশ্বাস করে কুড়িগ্রামের রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষ পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবেন। পূজামন্ডপগুলোর নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েনের ওপরও গুরুত্ব আরোপ করা হয়।