খুলনায় অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রাইভেটকার-ট্রেন সংঘর্ষ, চার জন আহত

খুলনার আফিলগেট এলাকায় অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রাইভেটকার ও ট্রেনের সংঘর্ষে চার জন আহত হয়েছেন। রবিবার বিকাল পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত দুইজন বর্তমানে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মসিয়ালী থেকে ক্রিকেট প্র্যাকটিস শেষে শিরোমনি এলাকায় নিজ বাড়ীতে ফিরছিলেন চার যুবক প্রাইভেটকারযোগে। এ সময় আফিলগেট এলাকায় একটি অরক্ষিত ছোট রেল ক্রসিংয়ে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ ঘটে।

আহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন অমিত (২০), সামি (২১) ও মিম (২২)। এরা প্রত্যেকেই শিরোমনি এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে অমিত ও সামি নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মিম এবং অপর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরেছেন।

ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ট্রেন ও গাড়ির খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হচ্ছে। আহতদের অবস্থা স্থিতিশীল। দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণের জন্য আরও তদন্ত চলছে।