গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় অভি বিশ্বাস (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
অভি বিশ্বাস উপজেলার কাশালিয়া ইউনিয়নের বেদগ্রামের গোপাল বিশ্বাসের ছেলে। সে বেদগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এবছর মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার কাশালিয়া ইউনিয়নের বেদগ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানাযায়, সকালে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর অভি জানতে পারে সে পরীক্ষায় ফেল করেছে। এরপর হতাশাগ্রস্ত হয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নিচে নামান।
পরে খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


















