ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নই, আমরা আদিবাসী সাংবিধানিক স্বীকৃতি চাই

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নই,আমরা আদিবাসী। এমন দাবিতে সাংবিধানিক স্বীকৃতিসহ নয় দফা দাবি জানিয়েছে নেত্রকোনার দুর্গাপুরে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর নেতৃবৃন্দ। একই সঙ্গে মাতৃভাষায় শিক্ষার সুযোগ, ভূমির অধিকার সংরক্ষণ, পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন এবং জাতীয় সংসদে সংরক্ষিত আসন বরাদ্দের দাবি তুলেধরা হয়। রবিবার (৯আগস্ট) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব সভাকক্ষে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং বলেন, সাংবিধানিক স্বীকৃতি দীর্ঘদিন ধরেই আমরা দাবি করে আসছি। এই স্বীকৃতি হলে বাংলাদেশের আদিবাসীদের ভূমি, বাসস্থান ও ভাষার সমস্যা নিরসন করা সম্ভব হবে। তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৫০টির বেশি জাতিগোষ্ঠী বসবাস করছেন। এর মধ্যে অনেক জাতিগোষ্ঠীর ভাষা আজ বিপন্ন। সমতল অঞ্চলে ডালু ও হদি জনগোষ্ঠীর ভাষাসহ অনেক ভাষা হারিয়ে যেতে বসেছে। ভাষা রক্ষার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গঠন করা হলেও এর কার্যকর বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। পল্টন হাজং আরও বলেন, বর্তমানে চাকমা, মারমা, ত্রিপুরা, ওরাঁও ও গারো এই পাঁচটি ভাষা মাতৃভাষায় প্রাক প্রাথমিক শিক্ষার কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যান্য আদিবাসী ভাষাকেও মাতৃভাষায় পাঠদানের সুযোগের আওতায় আনতে হবে।
এ ছাড়া প্রত্যন্ত অঞ্চলের আদিবাসী শিশুরা নিজেদের মাতৃভাষায় পড়াশোনার সুযোগ পাচ্ছে না। টেলিভিশন, পত্র পত্রিকা ও অন্যান্য গণমাধ্যমেও আদিবাসীদের ভাষার চর্চার সুযোগ খুবই সীমিত। আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় আলাদা একটি চ্যানেলসহ কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রতিনিধি সুলগ্না রেমা বলেন, ২০০৭ সালে জাতিসংঘের আদিবাসী জনগোষ্ঠীর অধিকারবিষয়ক ঘোষণাপত্রে বলা হয়েছে কোনো আদিবাসীকে জোর জবরদস্তিমূলকভাবে উচ্ছেদ করা যাবে না এবং তাদের সংস্কৃতি ধ্বংস করা যাবে না। আমাদের যে ভূমিগুলো রয়েছে সেখান থেকে আমাদের উচ্ছেদ করা যাবে না। আমাদের জমিগুলোতে কোনো পার্ক বা লেক নির্মাণ না করে সেগুলো সংরক্ষণ করতে হবে।
তিনি আরও বলেন, ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের যে উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আমরা তা চাই না। আমরা আদিবাসী। আমাদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যেন সমান সুযোগ-সুবিধা পাই। আমাদের অনেক জনগোষ্ঠী এখনো মূলধারায় আসতে পারেনি। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও মৌলিক চাহিদার ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না। সরকারের কাছে আমাদের দাবি শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও কর্মসংস্থানের বিষয়ে বিশেষ নজর দেওয়া হোক।
বিরিশিরি ওয়াইডব্লিউসিএ’র সাধারণ সম্পাদক লুদিয়া রুমা সাংমা বলেন, আজ বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে বাংলাদেশের আদিবাসীরা বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। আমাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ঘোষণা, ভূমি কমিশন গঠন এবং জাতীয় সংসদে সংরক্ষিত আসন বরাদ্দ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ওয়াইডব্লিউসিএ’র প্রোগ্রাম অফিসার শারদী মৌরশী ঘাগ্রা, কমিউনিটি অর্গানাইজার ডেনী কসবিয়া দিওসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ।