চট্টগ্রামে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, র্যাবের হাতে ধরা মুবিনুল হত্যার আসামি

কক্সবাজারের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর মুবিনুল হক হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম পলাতক আসামি জাহাঙ্গীর (২৩) কে গ্রেফতার করেছে র্যাব। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে চট্টগ্রামের পটিয়া থেকে র্যাব-১৫ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পরানিয়া পাড়া এলাকায় মুবিনুল হককে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পাঁচদিন পর নিহতের মা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়।
ঘটনার পর থেকেই র্যাব-১৫ হত্যাকাণ্ডটির ছায়া তদন্ত শুরু করে এবং সংশ্লিষ্টদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ায়। একপর্যায়ে র্যাব জানতে পারে, মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি জাহাঙ্গীর ছদ্মবেশে চট্টগ্রামের পটিয়া এলাকায় অবস্থান করছে।
পরে র্যাব-১৫, কক্সবাজার ও র্যাব-৭, চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পটিয়া থানাধীন হুলাইন গ্রামের বনফুল ফ্যাক্টরির সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে পলাতক আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পরানিয়া পাড়ার বাসিন্দা এবং আবু ছৈয়দের ছেলে বলে জানা গেছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর হত্যাকাণ্ডে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এছাড়া গ্রেফতার এড়াতে সে কক্সবাজার ছেড়ে চট্টগ্রামে গিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিল বলেও জানিয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে।























