জয়পুরহাটের পাঁচবিবিতে ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

স্থানীয় সরকার নির্বাচনের তফশিল এখনো ঘোষণা না হলেও আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন ঘোষণার পর থেকেই জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীরা ইতোমধ্যে পুরোদমে প্রচারণায় নেমে পড়েছেন।
প্রতিদিন গ্রাম-গঞ্জে উঠান বৈঠক, গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন তারা। ভোটারদের সমর্থন পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন সামনে রেখে প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে হাটবাজার, পাড়া-মহল্লা ও গ্রামের অলিগলি।
এদিকে নির্বাচন ঘিরে স্থানীয় ভোটারদের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। গ্রাম-গঞ্জের হাটবাজারের চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন আড্ডার আসরে এখন আলোচনার কেন্দ্রবিন্দু স্থানীয় নির্বাচন। কর্মী-সমর্থক ও সাধারণ ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীদের পক্ষে প্রচারণায় সরব হয়ে উঠেছেন। কেউ কেউ বিগত দিনের উন্নয়ন কর্মকান্ড, প্রার্থীদের ভূমিকা এবং পাওয়া-না পাওয়ার হিসাব-নিকাশও করছেন।
বিগত দুটি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থন ও প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হলেও এবার নির্দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ক্ষমতাসীন বিএনপি দলীয়ভাবে চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়ন না দিলেও স্থানীয়ভাবে জনপ্রিয়, ত্যাগী ও নির্যাতিত নেতাদের মধ্য থেকে একক প্রার্থীকে সমর্থন দেওয়ার আলোচনা রয়েছে। এ কারণে দলীয় সমর্থন পেতে সম্ভাব্য প্রার্থীদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের কাছে দৌড়ঝাঁপ করতে দেখা যাচ্ছে।
অন্যদিকে এ ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ইতোমধ্যে উপজেলার ৮টি ইউনিয়নে তাদের সমর্থিত চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে একক প্রার্থী ঘোষণা করেছে। ঘোষিত প্রার্থীরা মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারণাও চালিয়ে যাচ্ছেন।
উপজেলার আটটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে এলাকায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দোয়া ও সমর্থন চেয়ে পোস্টার, ব্যানার ও বিলবোর্ড চোখে পড়ার মত। পাড়া-মহল্লায় উঠান বৈঠক ও গণসংযোগের পাশাপাশি হাটবাজারের চায়ের দোকানেও চলছে নির্বাচনী আলোচনা।
বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, ১নং বাগজানা ইউনিয়ন: এ ইউনিয়নে জামায়াতের প্রার্থী হিসেবে ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারী এবাদত হোসেনকে চূড়ান্ত ঘোষণা করা হয়েছে। অপরদিকে বিএনপির সমর্থন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হক এবারও নির্বাচনী মাঠে রয়েছেন।
জেলা ও উপজেলা বিএনপির নেতাদের সমর্থন পাওয়ার ক্ষেত্রে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। এছাড়া চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জেলা জাসাসের সভাপতি মোঃ মিনারুল ইসলাম ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান বাবুল (বাবুল মহুরী)।
২নং ধরঞ্জী ইউনিয়ন: এ ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর মোঃ সাজেদুর রহমান সরকার একক প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বর্তমান ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম চৌধুরী এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আবু নছর চৌধুরী ফরহাদের নাম শোনা যাচ্ছে। এছাড়া নির্দলীয় প্রার্থী হিসেবে আল আমিন নির্বাচনে অংশ নিতে পারেন বলে জানা গেছে।
৩নং আয়মারসুলপুর ইউনিয়ন: এ ইউনিয়নে জামায়াতের পক্ষ থেকে পাঁচবিবি পৌর আমীর মাওলানা আবুল বাশারকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। অপরদিকে বিএনপির পক্ষ থেকে পাঁচজন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় রয়েছে।
তারা হলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন নওশাদ, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি তারেক হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম।
৪নং বালিঘাটা ইউনিয়ন: এ ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামী তাদের প্রার্থী হিসেবে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নুরুল বক্স মন্ডলের নাম ঘোষণা করেছে। এই ইউনিয়নে বিএনপি থেকে মাঠে রয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক সাইদুর রহমান। এছাড়াও বালিঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান ও সাধারণ সম্পাদক ও পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদুল ইসলাম (মামুন সরকার) আলোচনায় রয়েছে।
৫নং আটাপুর ইউনিয়ন: এই ইউনিয়নে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আটাপুর ইউনিয়নের টানা চারবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু। তিনি অনেকটাই বিএনপির একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বলে জানা গেছে। তবে এখানে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ মন্ডল চেয়ারম্যান প্রার্থী হিসাবে গণ সংযোগ শুরু করেছে।
এছাড়াও আরও দু-একজনের নাম শোনা যাচ্ছে। এই ইউনিয়নে জামায়াতে ইসলামী এখানে তাদের উপজেলা নায়েবে আমির সামছুল হককে প্রার্থী ঘোষণা করেছে।
৬নং মোহাম্মদপুর ইউনিয়ন:
মোহাম্মদপুর ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আইনুল হক, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাব্বু, যুবনেতা আল আমিন বিশ্বাস। এখানে জামায়াতে ইসলামীর মনোনীত একমাত্র চেয়ারম্যান প্রার্থী হলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আবু রায়হান।
৭নং কুসুম্বা ইউনিয়ন:
কুসুম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির থেকে সমর্থন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও কুসুম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল। তিনি বিএনপির সবচেয়ে বেশি নির্যাতিত নেতা বলে কর্মীরা দাবি করেন। অন্যদিকে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগ করছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বিএনপি পরিবারের সন্তান ও তরুণ প্রার্থী হিসাবে ইঞ্জিঃ আরিফুজ্জামান আরিফ বিএনপির সমর্থন প্রত্যাশী। তবে বিএনপির সমর্থন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন বলে জানান।
এ ইউনিয়নে জামায়াত মনোনীত একমাত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা জামায়াতের আমীর মাওলানা সুজাউল করিম।
৮নং আওলাই ইউনিয়ন: আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সহকারী অধ্যাপক মাওলানা রেজাউল করিম মন্ডলের নাম ঘোষণা করা হয়েছে। অপরদিকে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই ইউনিয়নে ৩জন শক্তিশালী প্রার্থী মাঠে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা হলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক আওলাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, আওলাই ইউনিয়ন বিএনপির ১নং সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের মন্ডল।
স্বতন্ত্র প্রার্থী হিসাবে রয়েছেন কামদিয়া নূরুল হক ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ ওবাইদুর রহমান আলম। ইতিমধ্যে ইউনিয়ন বিএনপি বর্ধিত সভার মাধ্যমে আব্দুল কাদের মন্ডলকে ইউনিয়ন বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে ঘোষনা করে তার পক্ষে মাঠে কাজ করছেন।
প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, দলের দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত জনপ্রিয় নেতারা দলীয় সমর্থনে অগ্রাধিকার পাবেন।















