দক্ষিণ মহিষকান্দি মাদ্রাসায় শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দক্ষিণ মহিষকান্দি তালিমুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে নূরানী তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত, বক্তব্য ও অশ্রুলিপি পরিবেশন করে। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা বক্তব্য দেন। বক্তারা শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকরা বক্তব্য রাখেন। এ সময় মাদ্রাসার সভাপতি ও সাবেক ইউপি সদস্য মান্নান হাওলাদারও বক্তব্য দেন। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।