“জামায়াত আমীরের মন্তব্যে ক্ষুব্ধ নারীরা, নওগাঁর বদলগাছীতে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল”

নওগাঁর বদলগাছীতে জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান সাম্প্রতিক এক টুইটার পোস্টে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বার্তা পোস্ট করে। তার প্রতিবাদে ঝাড়ু হাতে বিক্ষোভ করেছেন বদলগাছী উপজেলা মহিলা দলের কর্মজীবী নারীরা। আজ সোমবার বিকাল পাঁচ টায় বদলগাছী চারমাথা মোড়ের প্রধান প্রধান সড়কে এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভে অংশ নেওয়া নারীরা জানান, জামায়াত আমীরের পোস্ট নারী সমাজের জন্য অবমাননাকর ও কুরুচিপূর্ণ। এ ধরনের পোস্ নারীর মর্যাদা ও অধিকারকে ক্ষুণ্ন করে এবং সমাজে নেতিবাচক বার্তা ছড়ায়। তারা বলেন, একজন রাজনৈতিক দলের শীর্ষ নেতার কাছ থেকে এমন বক্তব্য অগ্রহণযোগ্য।
বিক্ষোভকারীরা ঝাড়ু হাতে নিয়ে স্লোগান দেন— “নারী অবমাননা বন্ধ করো”, “কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করতে হবে” এবং “নারীর মর্যাদা রক্ষা করো”। এ সময় তাঁরা বক্তব্যের প্রকাশ্যে ক্ষমা ও দৃষ্টান্তমূলক প্রতিবাদ জানানোর দাবি তোলেন।
উপজেলা মহিলা দলের সভাপতি শাম্মী আক্তার বিক্ষোভে অংশ নিয়ে বলেন, ‘আমরা ঘরে-বাইরে সমানভাবে কাজ করছি। অথচ আমাদের নিয়ে কটূক্তি করা হচ্ছে। এটা শুধু নারীর নয়, পুরো সমাজের জন্য লজ্জাজনক।’
আরেক নারী নেত্রী তাসলিমা আক্তার বলেন,“ আমরা যতদূর জানি তার স্ত্রী পেশায় একজন ডাক্তার। সেও কর্মজীবি নারী। তিনি একটি দলের শীর্ষস্থানে থেকে শুধু আমাদের অবমাননা করেন নি। তার স্ত্রীকে নিয়েও সে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আমরা এই পোস্টের তীব্র নিন্দা জানাই।
বিক্ষোভ চলাকালে এলাকায় অতিরিক্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।
পাশেই জামায়াতে ইসলামীর প্রার্থীর জনসংযোগ চলছিলো। এ বিষয়ে স্থানীয় জামায়াত নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।






























