ঝালকাঠির কাঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ পিতার

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোনাউটা গ্রামে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন পিতা আব্দুল বারেক খান (৫৫)।
পুলিশ জানায়, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই বাবা-মাকে মারধরসহ এলাকাবাসীর ওপর হামলা করতেন। এতে পরিবার ও স্থানীয়রা আতঙ্কে বসবাস করছিলেন।
ঘটনার দিন সকালে শুভ তার বাবার কাছে ৩ লাখ টাকা দাবি করে এবং বাড়িঘর ভাঙচুর করে। পরে বাজার থেকে একটি দা কিনে এনে মাকে হুমকি দেয় টাকা না দিলে রাতে বাবা-মাকে হত্যা করবে। বিষয়টি জানার পর স্ত্রী খুশি বেগমকে অন্য ঘরে ঘুমাতে বলেন আব্দুল বারেক।
গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ছেলেকে দা দিয়ে আঘাত করে হত্যা করেন বারেক খান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আব্দুল বারেক খানকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় নিহতের মা খুশি বেগম বাদী হয়ে স্বামীকে আসামি করে মামলা দায়ের করেছেন।
সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া–রাজাপুর সার্কেল) মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হানসহ পুলিশের একটি দল।
পুলিশ জানায়, দীর্ঘদিনের পারিবারিক নির্যাতন ও প্রাণনাশের হুমকিতে আতঙ্কিত হয়ে এই ঘটনা ঘটেছে।






























