ঝালকাঠির কাঠালিয়ায় যুবসমাজের উদ্যোগে সড়ক সংস্কার ও আগাছা পরিষ্কার

ঝালকাঠির কাঠালিয়ায় স্থানীয় যুবসমাজের স্বেচ্ছাশ্রমে সড়কের খানাখন্দ সংস্কার ও দুই পাশের আগাছা পরিষ্কার করা হয়েছে। এতে সড়কটিতে যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা কমার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ লাঘবের আশা করা হচ্ছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজার থেকে বানাই বাজারগামী সড়কে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
স্থানীয় ছাত্রদল নেতা মো. ইকবাল বেপারির নেতৃত্বে এ উদ্যোগে অংশ নেন ছাত্রদল নেতা আরাফাতসহ এলাকার একদল যুবক।
জানা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ার পাশাপাশি দুই পাশে আগাছা ও ঝোপঝাড় বেড়ে যাওয়ায় চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ে। এতে বিশেষ করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় যুবকেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার এবং দুই পাশের আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করেন।
এদিকে, ছাত্রদল নেতা ইকবাল বেপারি এর আগেও স্থানীয় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় যুবসমাজের এমন উদ্যোগে সড়কটিতে চলাচল সহজ হবে বলে আশা করা হচ্ছে। তবে সড়কটির দীর্ঘমেয়াদি উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্থায়ী সংস্কারের প্রয়োজন রয়েছে।





















