ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে প্রতিটি কেন্দ্রে ১৩ আনসার সদস্য মোতায়েন- আবদুল মোতালেব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, পিএসসি।

তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর করতে আনসার সদস্যদের অস্ত্রের সংখ্যা বাড়ানো হয়েছে এবং তারা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি জানান, এবারের নির্বাচনকে ঘিরে নয় লক্ষাধিক নিবন্ধিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্য থেকে প্রায় পাঁচ লাখ ৬০ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তে বাহিনীর সদস্যরা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আজকের এই সমাবেশ আনসার বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে এ ধরনের প্রস্তুতিমূলক সমাবেশ এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সকল জেলায় এমন সমাবেশ আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে সকল সদস্যকে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের স্থিতিশীলতা অনেকাংশেই আপনাদের দায়িত্বশীলতার ওপর নির্ভর করছে, বলেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী এবং সভাপতিত্ব করেন খুলনা জেলা কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন। এছাড়া বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সমাবেশে খুলনা জেলার প্রায় ১১ হাজার আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন। অনুষ্ঠানটি একযোগে খুলনা বিভাগের তিনটি জেলায় সরাসরি সম্প্রচার করা হয়।

সমাবেশ শেষে মহাপরিচালক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনকালীন প্রস্তুতি ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।