নরসিংদী নদী দূষণরোধে সবাইকে কাজ করতে হবে: খোকন

নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, নদী দূষণরোধে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। অনেক শিল্পপ্রতিষ্ঠানের মালিক এখনো শিল্পকারখানার বর্জ্য পরিশোধনের জন‍্য ইটিপি প্লান্ট স্থাপন করেননি। তাদের দ্রুত ইটিপি প্লান্টের আওতায় আনা হবে। নদী দূষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, জাতীয় নির্বাচন যেমন উৎসবমুখর ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আসছে স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

এসময় মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিদর্শন করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি), নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ।

সকাল ৯টা থেকে মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩২ জন। বিজয়ী প্রার্থীদের ভোটে সভাপতি ও সেক্রেটারি সহ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ব্যবসায়ী ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে ব্যবসায়ীদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ ছিল।