নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মুক্তা আক্তার (২৯) নামে এক সন্তানের জননী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পরিবার। সোমবার (২৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, প্রায় সাত-আট বছর আগে গাজীপুরের একটি গার্মেন্টস কারখানায় চাকরি করার সুবাদে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর গ্রামের রবিন মিয়ার সঙ্গে একই ইউনিয়নের উত্তর চন্দন গ্রামের বিকচান মিয়ার মেয়ে মুক্তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা বিয়ে করেন; সংসার জীবনে তাঁদের ছয় বছরের একটি ছেলে রয়েছে।
তবে প্রায় সাত-আট মাস আগে স্বামী-স্ত্রী দুজনই চাকরি ছেড়ে গ্রামের বাড়ি জিনারদী ইউনিয়নের গয়েশপুর গ্রামে চলে আসেন। সেখানে আসার পর আগের কর্মস্থল গাজীপুরের গার্মেন্টস কারখানার এক শ্রমিকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন মুক্তা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।
নিহত মুক্তার স্বামী রবিন মিয়া জানান, রোববার রাতে ফোনে কথা বলা নিয়ে স্ত্রী মুক্তার সঙ্গে কথা-কাটাকাটি হয়; তবে বিষয়টি রাতেই শেষ হয়ে যায়। কিন্তু সোমবার সকালে বাড়ি তৈরির রাজমিস্ত্রীদের নিয়ে কাজ করার সময় হঠাৎ ঘরের জানালার ফাঁকে চোখ পড়তেই দেখেন, মুক্তা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করছেন। তখন ভেতর থেকে দরজা বন্ধ ছিল।
রাজমিস্ত্রীসহ দরজা ভেঙে ভেতরে যেতে যেতেই তিনি ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন। পরে তাঁকে নরসিংদী জেলা হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মোমেন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।






























