নোয়াখালীর চাটখিলে শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর মোহাম্মদ রাসেল (৩৫) নামে এক শ্রমিক দল নেতার মরদেহ তাঁর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ভাঙা ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

গত ৬ নভেম্বর রাতে স্ত্রী মুক্তা বেগমের ফোন পেয়ে রাসেল শ্বশুরবাড়িতে যান। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সানখালি গ্রামের রেহান উদ্দিন হাজী বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

গতকাল গভীর রাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ, ওসি তদন্ত, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার পর, দুর্গন্ধের সূত্র ধরে খোঁজাখুঁজি শুরু করলে শ্বশুরবাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরের ভেতর পুরোনো লেপ দিয়ে ঢেকে রাখা অবস্থায় রাসেলের মরদেহের সন্ধান পাওয়া যায়।

নিহত রাসেল উপজেলার নোয়াখোলা ইউনিয়নের শিংবাহুড়া জমাদার বাড়ির বাসিন্দা। তিনি সিরাজুল ইসলামের ছেলে এবং ৮ নং নোয়াখোলা ইউনিয়নের পূর্বাঞ্চল শ্রমিক দলের নেতা ছিলেন। তাঁর সাত বছর বয়সী একটি ছেলে ও পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রায় এক বছর আগে রাসেলের সঙ্গে তাঁর স্ত্রী মুক্তা বেগমের পারিবারিক কলহ শুরু হয়। স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগকে কেন্দ্র করে তাঁদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল।

এই রিপোর্ট লেখার সময় চাটখিল থানার ডিউটি অফিসার জানান , এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

এদিকে শ্রমিক দল নেতা রাসেলের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।