রাঙামাটিতে মধ্যরাতে আদালত ও সরকারি প্রতিষ্ঠানের ফটকে তালা

রাতের আঁধারে রাঙামাটি শহরের জেলা জজ আদালত, প্রধান বন সংরক্ষকের কার্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে এসব ঘটনা ঘটে। তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তালা লাগিয়ে দেওয়ার ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দাবি করা হয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব তালা ঝুলিয়ে দিয়েছেন। সংগঠনটির অনেক নেতা-কর্মীকে সেই ভিডিও শেয়ার করতে দেখা গেছে।

অন্যদিকে, এ খবর ছড়িয়ে পড়ার পর শহরে মহড়া শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে ঝুলিয়ে দেওয়া তালা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন তাঁরা। ছাত্রদল নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় মহড়া দেওয়ার মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এমন কর্মকাণ্ড প্রতিহতের অবস্থান জানান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এসব প্রতিষ্ঠানে তালা লাগানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আদালত ফটক, রাণী দয়াময়ী উচ্চবিদ্যালয়, মুজাদ্দেদ-ই আলফেসানী একাডেমি ও বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকে মুখোশ পরা দুই ব্যক্তি তালা লাগিয়ে দিচ্ছেন। তালা লাগানোর দৃশ্যের ভিডিও ধারণ করছেন আরেকজন। ভিডিওতে পোস্টার লাগাতেও দেখা যায় ওই ব্যক্তিদের।

এ বিষয়ে জানতে চাইলে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, ‘বিভিন্ন দপ্তরে তালা লাগানোর ভিডিও আমাদের নজরে এসেছে।’ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় অনুসন্ধান চলমান রয়েছে।