পিরোজপুরের মঠবাড়িয়ায় নগদ এজেন্ট থেকে অনলাইন জুয়ার কোটি টাকা লেনদেন: আটক ২

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অনলাইন জুয়া খেলায় মাত্র ৩ ঘন্টায় ৯৯ লাখ ৯০ হাজার ৪৫২ টাকার অস্বাভাবিক লেনদেনের সূত্র ধরে প্রদীপ হালদার ও সমির চন্দ্র খরাতি নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ জুন (শুক্রবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।
এর আগে ২৩ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় তরিকুল গাজী ও রুবেল নামে ২ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই করে শুক্রবার সন্ধ্যায় তাদেরকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। প্রদীপ হালদার ও সমির চন্দ্র খরাতিকে অনলাইন জুয়া প্রতিরোধ আইনের মামলায় আসামি করে জেল হাজতে পাঠানো হয়।
গ্রে’প্তারকৃত প্রদীপ হালদার (৩০) বরিশাল জেলার গৌরনদী থানার বাটাজোর হরহর গ্রামের মৃত পরিমল হালদারের ছেলে ও বিকাশ অফিসের ম্যানেজার এবং সমির চন্দ্র খরাতী (৪০) মঠবাড়িয়া উপজেলার নলী গোলবুনিয়া গ্রামের মৃত সন্তোষ কুমার খরাতীর ছেলে ও বিকাশ অফিসের কর্মচারী।
৩ ঘন্টায় প্রায় ১ কোটি টাকা মোবাইল নাম্বার ০১৭৩১৪১০৫৪৫ এর নগদ একাউন্টে লেনদেন করা হয়। মঠবাড়িয়া পৌর শহরের মডেল স্কুলের সামনে বালুর মাঠের পশ্চিম পার্শ্বে অঙ্গন শপিং সেন্টারের ২য় তলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এ্যাপস সহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আমরা একটি নগদ এজেন্ট থেকে প্রায় ১ কোটি টাকা লেনদেনের বিষয়ে জানতে পারি। এরপর সেলিম এন্টারপ্রাইজ নামে ওই সিমটি একটি বিকাশ অফিসে ব্যবহার করা হয় বলে জানতে পারি।
ওই অফিসে গিয়ে প্রদীপ হালদার নামে ওই ম্যানেজারকে না পেয়ে বরিশাল গৌরনদী উপজেলার তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উপজেলা পর্যায়ে একটি নগদ এজেন্ট থেকে যেখানে ১ থেকে ২ লাখ টাকা ট্রান্জেকশন হওয়ার কথা।সেখানে একদিনে প্রায় ১ কোটি টাকা ট্রানজেকশনের খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি।






























