বগুড়ার শিবগঞ্জে জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ মেধাবী ছাত্রী পেলো বাইসাইকেল

কেক কেটে আনুষ্ঠানিকতা নয়, বরং শিক্ষার্থীদের হাতে উপহার প্রদানের মধ্য দিয়ে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উদ্‌যাপন করা হয়েছে বগুড়ার শিবগঞ্জে । এ উপলক্ষে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে বাইসাইকেল এবং ১ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে জাইমা রহমানের ছবি সংবলিত মগ বিতরণ করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নারীশিক্ষার প্রসার, ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাইসাইকেল পাওয়ায় প্রত্যন্ত এলাকার ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের ভোগান্তি কমবে এবং নিয়মিত উপস্থিতি বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নারীশিক্ষার উন্নয়নই এ উদ্যোগের মূল লক্ষ্য। আজকের ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। মেয়েদের নিরাপদ পরিবেশে পড়াশোনা নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মেয়েরা যাতে নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে এবং পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে জন্য পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, প্রতিমন্ত্রীর সহধর্মিণী মীর লাবনী আক্তার, রূপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, তাঁর স্ত্রী মীর ফারিয়া তাবাসসুম, প্রতিমন্ত্রীর কন্যা মীর সামারা সুনাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।