বগুড়ার শিবগঞ্জে দুই স্কুলে বাস, মেধাবী মাহফুজ পেল কৃত্রিম পা

শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বগুড়ার শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ ও বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ে দুটি স্কুল বাস বিতরণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাস দুটি হস্তান্তর করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ও শিক্ষার পরিবেশ উন্নয়নে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে।

বাস বিতরণের পর ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী মাহফুজের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। পঞ্চম শ্রেণিতে দুর্ঘটনায় একটি পা হারানো মাহফুজের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনে তার জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থা এবং পড়াশোনার খরচ বহনের দায়িত্ব নেন তিনি।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।