বাঘাইছড়িতে টানা তিনদিনের প্রবল বর্ষনে পাহাড়ধসে চাকমা বৃদ্ধের মৃত্যু

পার্বত্য জেলার রাঙামাটির বাঘাইছড়িতে তিনদিনের টানা প্রবল বৃষ্টির ফলে পাহাড় ধসে লক্ষী বিলাস চাকমা(৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ই জুলাই) সকালে বাঘাইছড়ি পৌরসভার ৬নম্বর ওয়াডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় বাসিন্দা দ্রোনোচার্য চাকমার ছেলে।
নিহতের ভাই বিমলেন্দু চাকমা জানান, টানা তিন দিনের বৃষ্টিতে মঙ্গলবার সকাল প্রায় ৮টার দিকে তাদের বসতঘরের পাশের পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। পরে লক্ষী বিলাস চাকমা ধসে পড়া মাটি সরাতে গেলে ওপর থেকে গাছের গুঁড়িসহ আবারও মাটি ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা গাছ ও মাটি সরিয়ে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তিনি মারা যান। ঘটনার পর বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহŸান জানিয়ে মাইকিং করা হচ্ছে বলে জানান।