বিজয়া দশমীতে গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা

ময়মনসিংহের গৌরীপুরে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আজ বিজয়া দশমী। আনন্দ-উচ্ছ্বাস আর বিষাদমাখা এক মিশ্র আবহে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন ভক্তরা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসবের সব আনুষ্ঠানিকতা।

এর আগে বুধবার বিকেলে গৌরীপুর পৌর শহরের দুর্গাবাড়ী মন্দির, কালীখলা মন্দির, মধ্যবাজার মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে দেবীবরণ ও সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। ঘট বিসর্জনের পর সনাতন ধর্মাবলম্বী নারীরা ভক্তিভরে দেবীর চরণে সিঁদুর নিবেদন করেন। পূজার নিয়ম-নীতি শেষে সমবয়সী নারীরা আনন্দে মেতে ওঠেন একে অপরকে সিঁদুর পরিয়ে দেওয়ার ‘সিঁদুর খেলায়’।

এতে পুরো মণ্ডপ প্রাঙ্গণে এক বর্ণিল ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

সিঁদুর খেলায় অংশ নেওয়া নারীরা জানান, পরিবারের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা এবং সমাজ থেকে সব অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয়ের প্রার্থনাই এই আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য। দেবী দুর্গা যেন প্রতি বছর বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির বার্তা নিয়ে সবার মাঝে ফিরে আসেন, বিজয়ার এই পবিত্র মুহূর্তে সে প্রার্থনাই করেছেন ভক্তরা।

সার্বিক আয়োজন সম্পর্কে কালীখলা মন্দির পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু জানান, অত্যন্ত সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে দেবীবরণ এবং সিঁদুর খেলার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সন্ধ্যায় মন্দিরগুলো থেকে প্রতিমা নিয়ে বের হবে ঐতিহ্যবাহী বিজয়ার শোভাযাত্রা।

আনন্দ-বেদনার গান ও বাজনার তালে তালে পুরো শহর পরিক্রমা শেষে পৌর শহরের ‘অনন্ত সাগর’ পুকুরে দেবী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই সমাপ্তি ঘটবে এবারের শারদীয় দুর্গোৎসবের।