ময়মনসিংহের আঠারবাড়ীতে ট্রাফিক ব্যবস্থাপনায় রিফ্লেক্টিভ জ্যাকেট বিতরণ ছাত্রদল নেতার

ঈদকে সামনে রেখে বাড়ি ফেরা মানুষের চাপ বৃদ্ধি পাওয়ায় নেত্রকোনার কেন্দুয়ার আঠারবাড়ী এলাকায় যানজট নিরসনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের মাঝে রিফ্লেক্টিভ জ্যাকেট বিতরণ করেন তরুণ ছাত্রনেতা মাহফুজুল ইসলাম ভুইয়া মামুন।
জানা যায়, ঈদ উপলক্ষে আঠারবাড়ী এলাকায় যানবাহনের চাপ প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বাসস্ট্যান্ড এলাকায় তীব্র যানজট সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। এ পরিস্থিতি মোকাবেলায় ট্রাফিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত ও কার্যক্রম আরও কার্যকর করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
এসময় ছাত্রদল নেতা মামুন ভুইয়াসহ কয়েকজন স্বেচ্ছাসেবক সরাসরি সড়কে নেমে যানজট নিরসনে কাজ করেন। তাদের এই কার্যক্রমে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং অনেকে উদ্যোগটিকে সাধুবাদ জানান।
ছাত্রদল নেতা মাহফুজুল ইসলাম ভুইয়া মামুন বলেন, “ঈদে ঘরমুখো মানুষ যাতে দ্রুত ও নিরাপদে তাদের স্বজনদের কাছে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা।” তিনি আরও জানান, এই কার্যক্রম ঈদের তৃতীয় দিন পর্যন্ত অব্যাহত থাকবে।
উল্লেখ্য, আঠারবাড়ী সড়কটি কেন্দুয়াসহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত।
এদিকে, ঢাকা খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা মামুন ভুইয়া বিভিন্ন সময় সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এর আগে তিনি শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদানসহ নানা উদ্যোগ গ্রহণ করে স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছেন।






























