ময়মনসিংহের আঠারোবাড়ির রায়ের বাজারে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র রায়ের বাজারে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে একটি খোলা চিঠি দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয় ময়মনসিংহ–৮ আসনের সংসদ সদস্য জনাব লুৎফুল্লাহেল মাজেদ বাবু বরাবর।

চিঠিতে বলা হয়, রায়ের বাজার বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্যতম বড় ও ব্যস্ত বাণিজ্যকেন্দ্র। প্রতিদিন এখানে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয় এবং তিনটি থানার সংযোগস্থলে হওয়ায় মানুষের চলাচল ও যানবাহনের চাপও অনেক বেশি। কিন্তু এত গুরুত্বপূর্ণ এলাকায় এখনো নিকটবর্তী বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কোনো স্টেশন না থাকায় অগ্নি-নিরাপত্তা ঝুঁকি রয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, আগুন লাগা বা জরুরি দুর্ঘটনার সময় দূরবর্তী স্টেশন থেকে ফায়ার সার্ভিস পৌঁছাতে দেরি হয়। অতীতে বাজারে একাধিক অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক এখনও রয়ে গেছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, নতুন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সংসদ সদস্যের কার্যকর উদ্যোগে রায়ের বাজারে একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হলে অসংখ্য মানুষের প্রাণ ও সম্পদ রক্ষা করা সম্ভব হবে। তাই দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জোর দাবি জানিয়েছেন।

খোলা চিঠিটি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আঠারোবাড়ি ইউনিয়নের সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে প্রদান করা হয়েছে।